সাভারে মশাল মিছিল করার অভিযোগে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকার সাভারে রাতে মশাল মিছিল করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারের সালেহপুর ব্রিজসংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে আওয়ামী লীগের ৮০ থেকে ৯০ জন নেতাকর্মী মশাল মিছিল করছিলেন বলে খবর পায় তারা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযান চালালে বাকিরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এ সময় ৯ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব শিকদার (২৩), মহিবুল্লাহ আল সাব্বির (৩১), ইকবাল (৪০), সামিউল ইসলাম (১৯), শফিকুল ইসলাম খান ইদ্রিস (৩০), রিপন (৩০), ইব্রাহিম (৪৫), ওয়ালিউর রহমান শিবলী (৪০) এবং রমজান (৩০)।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে একটি ডিজিটাল ব্যানার, পাঁচটি মশাল ও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, মশাল মিছিলের অভিযোগে গ্রেপ্তার ৯ জনকে শনিবার আদালতে হাজির করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড আবেদনও করা হয়েছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন