ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার সময় ৯ বাংলাদেশির মৃত্যু
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে গ্রিসে যাওয়ার সময় নয় বাংলাদেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া অপর ২৯ জন মিশরের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (১৬ আগস্ট) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়টি নিশ্চিত করে। দূতাবাসের তথ্যমতে, মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়ার তবরুক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করা একটি রাবারের নৌকা পথ হারিয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছায়। খবর পেয়ে নৌকায় থাকা ২৯ অভিবাসীকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে এদের মধ্যে ১৮ জনকে গুরুতর অসুস্থ ও অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ দূতাবাস জানায়, ঘটনার খবর পেয়ে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ জানায়, বর্তমানে ২৯ অভিবাসী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
হাসপাতালের এক কর্মীর সহায়তায় আহত বাংলাদেশি অভিবাসী আব্দুল করিমের সঙ্গে কথা বলেন দূতাবাসের কর্মকর্তারা। করিম তাদেরকে জানান, গত ৩ আগস্ট তবরুক থেকে গ্রিসের উদ্দেশে রাবারের নৌকাযোগে ৪২ জন (৩৮ বাংলাদেশি ও ৪ সুদানি) যাত্রা শুরু করেন। নৌকাটি ইঞ্জিনচালিত হলেও তাতে সঠিক ন্যাভিগেশন ব্যবস্থা ছিল না।
মতামত দিন