Views Bangladesh Logo

নাইজেরিয়ার উত্তরাঞ্চলে স্কুলের ভবন ধসে ২২ শিক্ষার্থী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে শুক্রবার (১২ জুলাই) সকালের ক্লাস চলাকালে একটি দ্বিতল স্কুলের ভবন ধসে পড়লে ২২ শিক্ষার্থী নিহত হয় এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শতাধিক ব্যক্তির সন্ধানে উদ্ধারকারীরা উদ্ধারকাজে নেমেছেন। আন্তর্জাতিক একাধিক বার্তা সংস্থার প্রকাশিত প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

প্লাটো রাজ্যের বুসা বুজি সম্প্রদায়ের সেইন্টস একাডেমি স্কুলটিতে ক্লাস করতে আসার কিছুক্ষণ পরেই ভবন শিক্ষার্থীদের উপর ভেঙে পড়ে। এইসব শিক্ষার্থীর বেশিরভাগেরই বয়স ১৫ বছর বা তার কম।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে মোট ১৫৪ জন শিক্ষার্থী আটকা পড়েছে। তবে প্লাটো পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো পরে জানান, তাদের মধ্যে ১৩২ জনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ২২ জন শিক্ষার্থী মারা গেছে।

বিষয়টি জানাজানি হলে শতাধিক গ্রামবাসী শিক্ষাপ্রতিষ্ঠানটির আশেপাশে ভিড় করেন। তাদের কেউ কান্নাকাটি করছেন, কেউ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধসের পরপরই ঘটনাস্থলে উদ্ধার-স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আটকে পড়া শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে।

প্লাটো রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে বলেন, ‘দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার হাসপাতালগুলোকে কাগজপত্র বা অর্থ পরিশোধ ছাড়াই চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে।’

রাজ্য সরকার এই দুর্ঘটনার জন্য ভবটির ‘দুর্বল কাঠামো ও নদীর তীরের কাছে অবস্থানকে’ দায়ী করেছে। একই ধরনের সমস্যার সম্মুখীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ