বগুড়া সিটি করপোরেশন ও ৫ নতুন উপজেলা গঠন
বগুড়া সিটি করপোরেশন গঠন এবং দেশের বিভিন্ন এলাকায় পাঁচটি নতুন উপজেলা সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী বগুড়ায় নতুন সিটি করপোরেশন গঠন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে পাঁচটি নতুন উপজেলা অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভাগ করে মোকামতলা উপজেলা গঠন করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা বিভক্ত করে মাতামুহুরী উপজেলা গঠন করা হয়েছে।
এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলা ভাগ করে রুহিয়া উপজেলা ও ভুল্লী উপজেলা গঠন করা হয়েছে। একইভাবে লক্ষ্মীপুর সদর উপজেলা বিভক্ত করে চন্দ্রগঞ্জ উপজেলা গঠন করা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এই প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সেবা সহজ করা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে