আয়ানের মৃত্যুর ঘটনায় দ্রুত প্রতিবেদন চেয়েছে মানবাধিকার কমিশন
রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান (৫) মারা গেছে। আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে আগামী ১২ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
এদিকে সন্তান হারানোর শোকে এখন পাগলপ্রায় আয়ানের বাবা-মা। তাদের অভিযোগ, ইন্টার্ন চিকিৎসক দিয়ে সুন্নতে খতনার সময় অতিরিক্ত অ্যানেস্থেশিয়া দেয়ায় মৃত্যু হয়েছে আয়ানের।
গত ৩১ ডিসেম্বর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করানোর জন্য আনা হয় আয়ানকে। সেদিন সকাল ৯টায় খতনা করার জন্য তাকে পুরোপুরি অজ্ঞান করা হয়।
খতনা করার পর সকাল ১১টায়ও জ্ঞান না ফিরলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয় আয়ানকে। টানা সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার (৭ জানুয়ারি) মধ্যরাতে আয়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এমনকি প্রথমে ১০ হাজার টাকার প্যাকেজে অপারেশনের কথা থাকলেও বিল করা হয় প্রায় ৬ লাখ টাকা।
আয়ানের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ ও সেখানকার দুজন চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেছে তার পরিবার। এ ছাড়া এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক আইনজীবী।
শিশু আয়ানের মৃত্যুর ঘটনা তদন্তে সোমবার চার সদস্যের একটি কমিটি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
মতামত দিন