নির্বাচনকালীন সংঘাতে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনা ঘটছে, যা জননিরাপত্তা, মানবাধিকার ও নির্বাচন নিয়ে জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কমিশন মনে করে যে নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নাগরিকদের মৌলিক অধিকার হুমকির মুখে পড়বে। সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। ভোট দেওয়া নাগরিকের অধিকার। গণতান্ত্রিক রাষ্ট্রে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন প্রত্যাশিত। কোনো অবস্থাতেই সংঘাত বা পেশিশক্তির মাধ্যমে জনগণের অধিকার হরণের সুযোগ নেই।
সব ধরনের সংঘাত নিরসনে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানায় প্রতিষ্ঠানটি। এছাড়া সংখ্যালঘু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নির্বিঘ্নে তাদের ভোট দিকে পারে সেদিকে লক্ষ্য রাখার
পাশাপাশি নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ পরিহার করে, আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্ব পালনে নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে