লাল কার্ডে বিপাকে বেলজিয়াম, ম্যাচ এখনও সমতা
গ্রুপ ‘জি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে গোলশূন্য সমতা বজায় থাকলেও ৬৬ মিনিটে নাটকীয় মোড় নিয়েছে বেলজিয়াম-ইরান লড়াই। ডিফেন্ডার নাথান এনগয়ের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হয়েছে বেলজিয়াম।
ম্যাচের ৬৬ মিনিটে ইরানের একটি সম্ভাবনাময় আক্রমণ ঠেকাতে কৌশলগত ফাউল করেন এনগয়। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে মাঠ ছাড়তে বাধ্য হন বেলজিয়ামের এই ডিফেন্ডার। ফলে ম্যাচের বাকি সময় একজন কম নিয়ে খেলতে হবে ইউরোপের দলটিকে।
এর আগে ম্যাচজুড়ে আক্রমণে এগিয়ে ছিল বেলজিয়াম। রোমেলু লুকাকু ও কেভিন ডি ব্রুইনাদের একের পর এক প্রচেষ্টা রুখে দেন ইরানের গোলরক্ষক আলীরেজা বেইরানভান্দ। অন্যদিকে ইরানও কয়েকটি বিপজ্জনক পাল্টা আক্রমণ চালিয়েছে। হোসেইন কানানির জোরালো শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন থিবো কোর্তোয়া। এছাড়া প্রথমার্ধে ইরানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।
এনগয়ের লাল কার্ডের পর ম্যাচের সমীকরণ বদলে গেছে। এখন একজন বেশি নিয়ে খেলছে ইরান, যা এশিয়ার দলটিকে ম্যাচের শেষভাগে বাড়তি সুবিধা দিতে পারে। তবে রক্ষণে শৃঙ্খলাবদ্ধ থাকা ইরান এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং দ্রুত পাল্টা আক্রমণের সুযোগ খুঁজছে।
মতামত দিন