Views Bangladesh Logo

বদলি নেমেই জাদু দেখালেন নেইমার, কোয়ার্টার ফাইনালে সান্তোস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই নিজের চেনা ছন্দের আভাস দিলেন নেইমার জুনিয়র। বদলি হিসেবে নেমে দুর্দান্ত এক অ্যাসিস্ট করে সান্তোসকে জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর তৈরি করা একমাত্র গোলে রেমোকে ১-০ ব্যবধানে হারিয়ে কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালে উঠেছে সান্তোস।

মঙ্গলবার রাতে মাঙ্গুয়েরাও স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা পায়নি। প্রথম মিনিটেই গ্যাব্রিয়েল মেনিনোর প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছিল সান্তোস। অন্যদিকে রেমোর আলেফ মাঙ্গা ও জাজাও কয়েকটি ভালো আক্রমণ গড়লেও তা কাজে লাগাতে পারেননি।

ম্যাচের ২৭তম মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ডি-বক্সের বাইরে ফাউল করার ঘটনায় রেমোর ডিফেন্ডার মারলনকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি অ্যান্ডারসন দারোনকো। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে সরাসরি লাল কার্ড দেখানো হলে ১০ জনের দলে পরিণত হয় রেমো।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে গতি আনতে নেইমারকে মাঠে নামান সান্তোস কোচ কুকা। বদলি নেমেই ম্যাচের গতিপথ বদলে দেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৭৪তম মিনিটে রেমোর মিডফিল্ডার জে ওয়েলিসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে বাঁ দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢোকেন নেইমার। এরপর নিখুঁত পাস বাড়িয়ে দেন রনির উদ্দেশে। সহজ সুযোগ কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন রনি।

শেষ দিকে ভিতোরের নেওয়া একটি ফ্রি-কিক পোস্টে লাগায় সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয় রেমোর। ফলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সান্তোস।

এই জয়ে কোপা দো ব্রাজিলের শেষ আটে জায়গা নিশ্চিত করার পাশাপাশি প্রায় ৪ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল প্রাইজমানিও নিশ্চিত করেছে সান্তোস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ