বাংলাদেশ দলের কোচ হতে চান নেইমারের সাবেক কোচ
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হওয়ার লড়াই জমে উঠেছে। এই পদের জন্য ইতিমধ্যে ৩০০’র বেশি আবেদন জমা পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। তবে সব ছাপিয়ে আলোচনায় এসেছেন ব্রাজিলের অলিম্পিক জয়ী কোচ রোজেরিও মিকালে।
৫৭ বছর বয়সী এই হাইপ্রোফাইল কোচ ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে স্বর্ণপদক জিতিয়েছিলেন। মারাকানা স্টেডিয়ামে জার্মানিকে হারিয়ে সেবার ইতিহাস গড়েছিল সেলেসাওরা। নেইমারের সাথে তার সম্পর্ক দীর্ঘদিনের; সৌদি আরবের ক্লাব আল হিলালে নেইমারের কোচ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে মিশর জাতীয় দলকেও সামলেছেন তিনি। গত সোমবার মিকালের জীবনবৃত্তান্ত (সিভি) বাফুফে নির্বাচন কমিটির হাতে পৌঁছেছে।
আবেদনসমূহ যাচাই-বাছাই করতে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের নেতৃত্বে এই কমিটিতে রয়েছেন সাবেক ফুটবলার সৈয়দ হাসান কানন, ইকবাল হোসেন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু।
ইতোমধ্যে ৩০০ আবেদনের মধ্য থেকে ২৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে কমিটি। এই তালিকায় ব্রাজিল ছাড়াও জার্মানি, পর্তুগাল, বেলজিয়াম এবং আর্জেন্টিনার কোচরা রয়েছেন। স্থানীয় কোচদের মধ্যে একমাত্র প্রতিনিধি হিসেবে দৌড়ে আছেন সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। সিভি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
নতুন কোচের ক্ষেত্রে বাফুফে নির্দিষ্ট কিছু মানদণ্ড ঠিক করেছে। প্রার্থীর অবশ্যই 'প্রো লাইসেন্স' থাকতে হবে এবং বয়স হতে হবে ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। এ ছাড়া এশীয় ফুটবল এবং জাতীয় দল পরিচালনার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিদায়ী কোচ হাভিয়ের ক্যাবরেরার পারফরম্যান্স মূল্যায়নে জানা গেছে, কেবল সিনিয়র দল নয়, বরং ঘরোয়া লিগ থেকে প্রতিভা অন্বেষণ এবং শক্তিশালী 'প্লেয়ার পুল' তৈরিতে তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে নতুন কোচের বড় দায়িত্ব হবে তৃণমূল থেকে ফুটবলার খুঁজে বের করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে