Views Bangladesh Logo

বিশ্বকাপের আগে আবারও চোটে পড়লেন নেইমার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপের আগে আবারও চোটে পড়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। দীর্ঘদিন ধরে ইনজুরির সঙ্গে লড়াই করা এই ফরোয়ার্ডকে ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে ব্রাজিল দলে তার উপস্থিতি নিয়ে। এবার তার ডান পায়ের কাফ মাসলে ছোট একটি চোট ধরা পড়েছে।

নেইমারের বর্তমান ক্লাব সান্তোস এক বিবৃতিতে জানিয়েছে, ডান পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় সামনের কয়েকটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী ২৭ মে ব্রাজিল দলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে ৩৪ বছর বয়সী এই তারকার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সান্তোসের হয়ে খেলতে গিয়ে নেইমারের ডান পায়ের কাফ মাসলে ২ মিলিমিটারের একটি ক্ষুদ্র চোট ধরা পড়ে। এ কারণে দক্ষিণ আমেরিকান কাপে সান লরেঞ্জো এবং ব্রাজিলিয়ান সিরি আ’তে গ্রেমিওর বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ মিস করবেন তিনি।

তবে সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, চোটটি গুরুতর নয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সপ্তাহেই পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন নেইমার। সেক্ষেত্রে সময়মতো ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী মাসে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে ব্রাজিল আগামী ৩১ মে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে এবং পরে মিশরের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে এই ম্যাচগুলোতে নেইমার মাঠে ফিরতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে ব্রাজিলের প্রথম প্রতিপক্ষ মরক্কোর বিপক্ষে। গ্রুপের অন্য দুই দল হাইতি এবং স্কটল্যান্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ