ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার
ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার জরুরি উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রমে আড়াই লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও ডটকমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের মতো জরুরি প্রয়োজন মেটাতে এই অর্থ ব্যয় করা হবে।
এল সুমারিও ডটকমের বরাত দিয়ে নেইমারের একটি বক্তব্যও তুলে ধরা হয়েছে প্রতিবেদনে, যেখানে তিনি বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে কিছুটা শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’
সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাতে জানা গেছে, বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা তিন হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে তিন হাজার ১৪২টি পরিবার।
উদ্ধারকারী দলগুলো এখনও জীবিতদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে, যদিও ভারী যন্ত্রপাতির সংকট ও একের পর এক আফটারশকের কারণে এই কাজ ব্যাহত হচ্ছে।
মতামত দিন