বিশ্বকাপের আগে নতুন লুকে নেইমার, আলোচনায় ব্লন্ড হেয়ারস্টাইল
২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। এবার নতুন হেয়ারস্টাইলে ভক্তদের সামনে হাজির হয়েছেন এই ফুটবল সেনসেশন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত স্টাইল ও ফ্যাশন নিয়েও যিনি সবসময় আলোচনায় থাকেন, সেই নেইমারের নতুন লুক ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (৭ জুন) রাতে নেইমারের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তার নতুন হেয়ারস্টাইলের ঝলক দেখা যায়। সেখানে দেখা যায়, নেইমার আবারও চুলে হালকা সোনালি বা ব্লন্ড রং করেছেন, যা অনেকের কাছে তার ২০১৮ সালের লুকের কথা মনে করিয়ে দিচ্ছে।
পিএসজিতে খেলার সময়ও একই ধরনের স্টাইল নিয়ে আলোচনায় ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এবারও সেই পরিচিত ব্লন্ড লুক ফিরিয়ে এনে নতুন করে ভক্তদের দৃষ্টি কেড়েছেন তিনি।
তবে নতুন হেয়ারস্টাইল যতটা আলোচনায়, তার চেয়ে বেশি চিন্তার বিষয় হয়ে উঠেছে নেইমারের শারীরিক অবস্থা। দীর্ঘদিনের চোট সমস্যা কাটিয়ে তিনি এখনও পুরোপুরি ম্যাচ ফিটনেসে ফিরতে পারেননি বলে জানা যাচ্ছে। ফলে বিশ্বকাপ সামনে রেখে তার প্রস্তুতি ঘিরে উদ্বেগ রয়েছে সমর্থকদের মধ্যে।
নেইমারের নতুন রূপের প্রশংসা করে তাঁর হেয়ার স্টাইলিস্ট ইনস্টাগ্রামে একটি ইমোশনাল মেসেজ শেয়ার করেছেন। সেখানে তিনি লেখেন, সুন্দর চুল শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রতীক নয়, এর পেছনে থাকে দীর্ঘদিনের যত্ন, চিকিৎসা, পর্যবেক্ষণ এবং বিশেষ পরিচর্যা। একই সঙ্গে বিশ্বকাপের আগে নেইমারের জন্য শুভকামনা জানিয়ে তিনি প্রার্থনা করেছেন, যেন ব্রাজ়িলিয়ান তারকা মাঠের ভেতরে ও বাইরে নিজের সেরাটা দিতে পারেন।
বিশ্বকাপের আগে নতুন লুক দিয়ে আলোচনায় এলেও, মাঠে নেইমার কতটা প্রভাব রাখতে পারেন—সেটিই এখন ফুটবল বিশ্বে সবচেয়ে বড় প্রশ্ন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে