স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, নিশ্চিত করলেন আনচেলত্তি
হাইতির বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। তবে ম্যাচ শেষে দলের জয়কে ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে একটাই নাম- নেইমার। দীর্ঘদিনের ইনজুরি কাটিয়ে ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে ফিরতে যাচ্ছেন বলে জানিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ফিলাডেলফিয়ায় হাইতিকে ৩-০ গোলে হারানোর পর সংবাদ সম্মেলনে আনচেলত্তি জানান, ডান পায়ের কাফের চোট থেকে সেরে ওঠা নেইমার দ্রুতই পূর্ণ অনুশীলনে ফিরবেন। তার ভাষ্য, ব্যক্তিগত অনুশীলন শেষে সোমবার থেকে দলের সঙ্গে যোগ দেবেন নেইমার এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত থাকবেন।
চলতি বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে খেলেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরির কারণে তাকে সতর্কতার সঙ্গে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আনা হচ্ছে। তবে কোচের সর্বশেষ মন্তব্যে স্পষ্ট, নকআউট পর্বের আগে নেইমারকে মাঠে ফেরানোর পরিকল্পনা প্রায় চূড়ান্ত।
হাইতির বিপক্ষে দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন আনচেলত্তি। তিনি বলেন, প্রথমার্ধে ব্রাজিল দারুণ ফুটবল খেলেছে এবং আরও কয়েকটি গোল করার সুযোগ তৈরি করেছিল। যদিও দ্বিতীয়ার্ধে খেলার গতি ও আক্রমণের তীব্রতা কিছুটা কমে যায় বলে মনে করেন তিনি।
আনচেলত্তির মতে, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে কখনো কখনো পরবর্তী ম্যাচের কথাও মাথায় রাখতে হয়। তবুও দল সামগ্রিকভাবে ভালো খেলেছে, বলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং রক্ষণভাগও ছিল বেশ দৃঢ়।
এদিকে হাইতির বিপক্ষে জয়ের অন্যতম নায়ক ছিলেন মাথেউস কুনিয়া। প্রথম ম্যাচে একাদশের বাইরে থাকা এই ফরোয়ার্ড সুযোগ পেয়েই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। ইগর থিয়াগোর জায়গায় খেলতে নেমে জোড়া গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। কুনিয়ার প্রশংসা করে আনচেলত্তি বলেন, প্রতিপক্ষের রক্ষণভাগে চাপ তৈরি করা এবং বক্সের ভেতরে কার্যকর অবস্থান নেওয়ার ক্ষেত্রে তিনি অসাধারণ ছিলেন। সুযোগ কাজে লাগানোর দক্ষতাও দেখিয়েছেন। কোচের বিশ্বাস, সামনে ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারেন এই ফরোয়ার্ড।
মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। আর স্কটল্যান্ড ম্যাচে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন সেলেসাও সমর্থকদের জন্য বাড়তি স্বস্তির খবর হয়ে এসেছে।
মতামত দিন