নতুন নিয়মে প্রথমবারের মতো শাস্তির মুখে নেইমার
সময় নষ্টের প্রবণতা কমাতে ফুটবলে পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন নিয়মের কারণে প্রথমবারের মতো এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়েছে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে। তবে এ ঘটনায় নেইমারের কোনো ভুল ছিল না। কোচ নির্ধারিত সময়ের মধ্যে খেলোয়াড় বদলের সিদ্ধান্ত জানাতে ব্যর্থ হওয়ায় নিয়মের বাধ্যবাধকতায় মাঠ ছাড়তে হয় সান্তোস অধিনায়ককে।
ব্রাজিলের সিরি আ’র সর্বশেষ ম্যাচে ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় সান্তোস। ম্যাচের এক পর্যায়ে সান্তোসের গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসা নেওয়ার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ থাকে। চিকিৎসা শেষে খেলা পুনরায় শুরুর সময়ই নতুন নিয়মের প্রয়োগ দেখা যায়।
নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলরক্ষক চিকিৎসা নিলে খেলা আবার শুরু হওয়ার পর তাঁর দলের একজন আউটফিল্ড খেলোয়াড়কে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। কোন খেলোয়াড়কে বাইরে পাঠানো হবে, তা নির্ধারণের জন্য কোচকে ১০ সেকেন্ড সময় দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত জানাতে না পারলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হয়।
ভাস্কোর বিপক্ষে ম্যাচে সেই ১০ সেকেন্ডের মধ্যে খেলোয়াড় নির্বাচন করে জানাতে পারেননি সান্তোসের কোচ অ্যালেক্সি স্তিভাল। ফলে নিয়ম অনুযায়ী দলের অধিনায়ক নেইমারকেই মাঠের বাইরে যেতে হয়। এক মিনিট পর আবার মাঠে ফেরেন তিনি।
সময়ক্ষেপণ কমানোর উদ্দেশ্যে ফুটবলের বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মটির পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগসহ কয়েকটি ঘরোয়া প্রতিযোগিতায় এর কার্যকারিতা পর্যবেক্ষণ করা হচ্ছে। গোলরক্ষকদের অপ্রয়োজনীয় চিকিৎসার কারণে খেলা দীর্ঘ সময় বন্ধ রাখা ঠেকানোই নতুন নিয়মটির অন্যতম লক্ষ্য।
নিয়মটি ভবিষ্যতে স্থায়ীভাবে ফুটবলের আইন হিসেবে যুক্ত হবে কি না, তা পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল বিশ্লেষণের পর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নেইমারকে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠানোর ঘটনাটি ইতোমধ্যে নতুন এই নিয়মের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে।
মতামত দিন