Views Bangladesh Logo

মাঠে ফিরেই জোড়া গোল, তবুও বিতর্কে নেইমার

সদ্যসমাপ্ত ফিফা বিশ্বকাপে তিক্ত বিদায়ের হতাশা যেন মাঠেই ঝেড়ে ফেললেন ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার জুনিয়র। ব্রাজিলের জার্সিতে স্বপ্নভঙ্গের পর ক্লাব ফুটবলে ফিরেই নিজের পুরনো ছন্দের ইঙ্গিত দিলেন এই তারকা ফরোয়ার্ড, তারপর জড়ালেন বিতর্কেও।

ওই ম্যাচটিতে জোড়া গোল করে সান্তোসকে হার থেকে রক্ষা করলেও শেষ পর্যন্ত জয় এনে দিতে পারেননি। ব্রাজিলিয়ান সিরি’আ লিগে চাপেকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে সান্তোসকে।

শনিবার রাতে এস্তাদিও উরবানো কালদেরায় অনুষ্ঠিত ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থেকে আক্রমণভাগের নেতৃত্ব দেন নেইমার। শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেন তিনি। ম্যাচের ৩৬তম মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে সান্তোসকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান এই তারকা।

তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় ম্যাচের চিত্র। ৫১তম মিনিটে সমতায় ফেরে চাপেকোয়েন্স। এরপর ৬২তম মিনিটে জোয়াও আনানিয়াসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সান্তোস। হার যখন প্রায় নিশ্চিত মনে হচ্ছিল, তখনই দলের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন নেইমার। ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে ২-২ সমতা ফেরান তিনি। শেষ পর্যন্ত এই স্কোরলাইন নিয়েই শেষ হয় রোমাঞ্চকর লড়াই।

স্কোরশিটে নাম তোলার পাশাপাশি পুরো ম্যাচেই ছিলেন নেইমারের উজ্জ্বল উপস্থিতি ছিল। সফাস্কোরের মূল্যায়নে ৯.৪ রেটিং পাওয়া নেইমার ম্যাচে মোট ৯টি শট নেন, যার ৫টি ছিল লক্ষ্যে। তার প্রত্যাশিত গোল (এক্সজি) ছিল ১.২০, যা তার আক্রমণাত্মক উপস্থিতিরই প্রতিফলন।

মাঠে দুর্দান্ত খেলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই ব্রাজিলিয়ান সুপারস্টার ফুটবলারের। ড্রেসিংরুমে সতীর্থের সঙ্গে বিতর্কের খবর, অনুশীলন মাঠে গিয়ে কিছু না করেই কাউকে না জানিয়ে মাঠ ছেড়ে যাওয়া, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপক্ষ সমর্থন- সবমিলিয়ে নতুন করে বিতর্কে ব্রাজিলিয়ান তারকা।

শাপেকোয়েন্সের সঙ্গে ম্যাচের পরদিনই অনুশীলন ছিল সান্তোসের। গতকাল রোববার পেলে ট্রেনিং সেন্টারে উপস্থিতও হন নেইমার। ছবি তোলেন, কফি পানও করেন। তবে মূল দলের অনুশীলন শুরুর আগেই বেরিয়ে যান। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, কোচিং স্টাফের অনুমতি ছাড়াই নেইমার অনুশীলন মাঠ ছেড়েছেন।

অনুশীলন না করার এ ঘটনা ঘটে শাপেকোয়েন্স ম্যাচের পর ড্রেসিংরুমে হওয়া আরেকটি বিতর্কের রেশ কাটার আগেই। ও’গ্লোবোর প্রতিবেদন বলছে, নেইমার সান্তোসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্তেম্পো ও ডিফেন্ডার জোয়াও আনানিয়াসকে তিরস্কার করতে গিয়ে অসম্মানজনক ভাষা ব্যবহার করেছেন।

বন্তেম্পোকে ‘বাজে লোক’ গালি দেওয়ার পাশাপাশি পরের মৌসুমে তাঁকে শাপেকোয়েন্সের বিপক্ষে আবার খেলতে হবে বলে বিদ্রূপ করেন নেইমার। শাপেকোয়েন্স এখন ব্রাজিলের শীর্ষ লিগে ২০ দলের মধ্যে সবার শেষে অবস্থান করছে। আগামী মৌসুমে দলটি নিচের লিগে নেমে যাওয়ার পথে। এ ছাড়া ম্যাচের ৬২ মিনিটে আত্মঘাতী গোল করা ডিফেন্ডার জোয়াও আনানিয়াসের সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলেন নেইমার। এ নিয়ে তর্কাতর্কিও হয় দুজনের মধ্যে।

ব্রাজিলের সংবাদমাধ্যম বলছে, ড্রেসিংরুমের ঘটনার পর পুরো পরিস্থিতি বুঝতে ক্লাবের কয়েকজন পরিচালক রোববার ট্রেনিং সেন্টারে যান। তবে নেইমারই সেখানে অল্প কিছুক্ষণের বেশি ছিলেন না।

অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছেন নেইমার। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ইনস্টাগ্রামে নিজের অবস্থান তুলে ধরে লিখেছেন, ‘বন্ধুরা, এটি আমাদের প্রত্যাশিত দিন ছিল না। তবে আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং কাজ চালিয়ে যেতে হবে। ড্রেসিংরুমে আমি নাকি তরুণ খেলোয়াড়দের ধমক দিয়েছি! এমন কিছু খবর দেখছি, যা সম্পূর্ণ মিথ্যা।’

সান্তোসে নেইমারের সঙ্গে সতীর্থদের সম্পর্ক নিয়ে এটি নতুন কোনো বিতর্ক নয়। ক্লাবের ভেতরের সূত্রগুলোর দাবি, ড্রেসিংরুমের পাশাপাশি নেইমারের মাঠের কিছু আচরণও তাঁর সতীর্থদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনো আক্রমণ সফল না হলে বা কোনো খেলায় ভুল হলে নেইমার প্রকাশ্যেই বারবার সতীর্থদের সমালোচনা করেন। এতে দলের কিছু খেলোয়াড়ের মনে চাপ তৈরি হয়েছে। তাঁদের আশঙ্কা, ভুল হলে নেইমার সমর্থকদের সামনেই তা তুলে ধরবেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ