ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, তবে চোটের কারণে ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা
বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ দুটি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন। তবে নতুন করে চোটের শঙ্কা তৈরি হওয়ায় তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
সান্তোসের হয়ে খেলা নেইমারকে ২০২৬ বিশ্বকাপের আগে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে। তবে আনচেলত্তি তাকে সরাসরি পর্যবেক্ষণ করতে চান, যা নেইমারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে। ইতালিয়ান এই কোচ প্রীতি ম্যাচের আগে তাকে মাঠে খেলতে দেখতে চেয়েছিলেন এবং এজন্য মঙ্গলবার রিও ডি জেনেইরো থেকে সাও পাওলোতে গিয়ে ম্যাচ দেখার পরিকল্পনাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত হতাশই হতে হয়েছে তাকে।
দীর্ঘদিনের পেশির ক্লান্তির কারণে মঙ্গলবার ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলের বিপক্ষে সান্তোসের ম্যাচে খেলতে পারবেন না নেইমার। ক্লাব সান্তোস জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে সময়টা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ ব্রাজিল কোচ আনচেলত্তি এই ম্যাচে ৩৪ বছর বয়সী তারকাকে পর্যবেক্ষণ করতে চেয়েছিলেন।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং জাতীয় দলের টেকনিক্যাল কমিটির ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবারের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়া সিবিএফ ও আনচেলত্তি—উভয়কেই বিস্মিত ও হতাশ করেছে। এতে বিশ্বকাপ পরিকল্পনাতেও প্রভাব পড়তে পারে, কারণ প্রস্তুতি ম্যাচের আগে ব্রাজিল কোচ তার পারফরম্যান্স সরাসরি দেখার সুযোগ পেলেন না।
আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কেবল সম্পূর্ণ ফিট এবং ব্রাজিল দলের শারীরিক চাহিদা পূরণ করতে সক্ষম খেলোয়াড়দেরই দলে রাখবেন। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী ২৬ ও ৩১ মার্চ। আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি।
২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের জার্সিতে আর মাঠে নামেননি নেইমার। তাই এই সুযোগ হাতছাড়া হলে তারই খেসারত দিতে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে