Views Bangladesh Logo

নেইমারকে রেখে বিশ্বকাপে ব্রাজিলের দল ঘোষণা আনচেলত্তির

Sports Desk

ক্রীড়া ডেস্ক

গত কিছুদিন সময় যেন থমকে গিয়েছিল ব্রাজিল সমর্থকদের। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ কার্লো আনচেলত্তির দলে নেইমার থাকবেন কি না- এই নিয়েই ছিল ধোঁয়াশা! দল ঘোষণার আগে নাটকও কম হয়নি! তবে সব নাটকীয়তা আর ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল গতকাল রাত ৩টা নাগাদ। বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

গতকাল ১৮ মে রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরোতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি যখন ২৬ জনের চূড়ান্ত তালিকা থেকে খেলোয়াড়দের নাম একে একে বলছিলেন, সবাই তখন অধীর আগ্রহে অপেক্ষারত শুধুমাত্র একটি নাম শোনার জন্য। অবশেষে আনচেলত্তির কন্ঠে উচ্চারিত হলো সেই নাম—নেইমার জুনিয়র।

বিশ্বকাপে নেইমার থাকবেন কি থাকবেন না, গত কয়েক মাস ধরে ফুটবল দুনিয়ার অলিগলিতে এর চেয়ে বড় কোনো আলোচনা ছিল না। চোট, অস্ত্রোপচার, ফিটনেস ফিরে পাওয়ার লড়াই, মাঠে নিজেকে প্রমাণের লড়াই, ষড়যন্ত্র তত্ত্বসহ মাঠের বাইরের হাজারো গুঞ্জন পেরিয়ে অবশেষে এবারের বিশ্বকাপ মাতাতে যাবেন নেইমার।

নন্দিত এবং কখনো কখনো নিন্দিত এই মহাতারকাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। দল ঘোষণার জমকালো অনুষ্ঠানে যখন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের নাম উচ্চারণ করলেন আনচেলত্তি, করতালির গর্জনে মুখরিত হয়ে উঠল চারপাশ। মিলনায়তন জুড়ে বয়ে গেল আনন্দের সুনামি।

২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন সান্তোসে খেলা নেইমার। তার এই ফেরা সেলেসাও শিবিরে বাড়তি উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং লিওঁতে খেলা তরুণ তুর্কি এন্ড্রিক। তবে সবাইকে চমকে দিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রদ্রিগো।

কোচ আনচেলত্তির অধীনে একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ডধারী ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের মিশন নিয়ে মাঠে নামবে।

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ফেন্যারবাখচে), ওয়েবারটন (গ্রিমিও)।

রক্ষণভাগ: অ্যালেক্স সান্দ্রো (ফ্ল্যামেঙ্গো),ব্রেমার (জুবেন্তাস), দানিলো (ফ্ল্যামেঙ্গো), ডগলাস সান্তোস (জেনিত), গ্যাব্রিয়েল মাগালেস (আর্সেনাল), ইবানেজ (আল-আহলি), লিও পেরেইরা (ফ্ল্যামেঙ্গো), মার্কিনহোস (পিএসজি), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ড: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো (বোটফোগো), ফ্যাবিয়েনহো (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্ল্যামেঙ্গো)।

আক্রমণভাগ: ন্ড্রিক (লিওঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), লুইজ হেনরিকে (জেনিত), ম্যাথিউস কুনহা (ম্যানচেস্টার ইউনাইটেড), নেইমার জুনিয়র (সান্তোস), রাফিনিয়া (বার্সেলোনা), রায়ান (বোর্নমাউথ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ