Views Bangladesh Logo

নেইমারকে বাদ দিয়েই দল ঘোষণা ব্রাজিলের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে হাতে সময় খুব কম। তাই মার্চের ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচগুলোকে ঘিরেই দল গঠনের চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।

সোমবার (১৬ মার্চ) রাতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াইয়ের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন তিনি।

ঘোষিত স্কোয়াডে বড় চমক হলো পোস্টার বয় নেইমার জুনিয়রের অনুপস্থিতি। যদিও তিনি প্রাথমিক তালিকায় ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ফিটনেস সমস্যার কারণে বাদ পড়েছেন। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়েও তাকে মাঠে দেখা যায়নি। অন্যদিকে, বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে যাওয়া রদ্রিগো গোয়েসও নেই এই তালিকায়। চোটের কারণে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে এডার মিলিতাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাওকেও।

আনচেলত্তির দলে এবার তারুণ্যের জয়জয়কার। বিস্ময়বালক এন্ড্রিকের সাথে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো ও রায়ান। এছাড়া দলে ফিরেছেন ডিফেন্ডার ইবানেজ ও অভিজ্ঞ দানিলো।

দল নির্বাচনের ক্ষেত্রে আনচেলত্তি খেলোয়াড়দের সাম্প্রতিক ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই প্রীতি ম্যাচগুলোর মাধ্যমেই বিশ্বকাপের সেরা কম্বিনেশন খুঁজে পেতে চান। নতুনদের সুযোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "জাতীয় দলের পরিবেশে তারা কেমন মানিয়ে নিতে পারে, সেটাই এখন আমাদের মূল দেখার বিষয়।"

আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্স এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বজয়ীরা।

ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড


গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো ও এডারসন


ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস এবং ওয়েসলি


মিডফিল্ডার: অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা


ফরোয়ার্ড: এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ