কুতিনিয়োকে সান্তোসে পেয়ে উচ্ছ্বসিত নেইমার
ফিলিপ কুতিনিয়োকে দলে পেয়ে উচ্ছ্বসিত সান্তোসের তারকা নেইমার। ৩৪ বছর বয়সী ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার সান্তোসে যোগ দেওয়ার আগে প্রয়োজনীয় চিকিৎসা ও শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
কুতিনিয়োকে সান্তোসে নেওয়ার পেছনে নেইমারের ব্যক্তিগত আগ্রহ ছিল। দীর্ঘদিনের বন্ধুকে নতুন ক্লাবের সতীর্থ হিসেবে পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
নেইমার লিখেছেন, ‘ভাই, তুমি এখানে এসেছো বলে আমরা খুব খুশি। আমাদের দল ও সমর্থকেরা তোমাকে আপন করে নেবে, যাতে তুমি সুখী হতে পারো। সান্তোসে স্বাগতম।’
এরপর আরও আবেগী হয়ে তিনি লেখেন, ‘হে ঈশ্বর, এটা যদি স্বপ্ন হয়, আমি ঘুম থেকে উঠতে চাই না। আমি তোমাকে জড়িয়ে ধরতে এবং তোমার যত্ন নিতে এসেছি। হেই, গাবি। তুমি কি এখন খুশি হবে নাকি?’
দীর্ঘ সাত মাস ধরে প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে রয়েছেন কুতিনিয়ো। সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি কাম্পেওনাতো কারিওকার ম্যাচে ভোল্তা রেদোন্দার বিপক্ষে ভাস্কো দা গামার হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
এর এক সপ্তাহ পর মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য রিও দি জেনেইরোর ক্লাবটির সঙ্গে চুক্তি বাতিল করেন কুতিনিয়ো। ভাস্কো দা গামার সমর্থকদের চাপও আগেভাগে চুক্তি শেষ করার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছিল। অথচ তার চুক্তির মেয়াদ বছরের মাঝামাঝি পর্যন্ত থাকার কথা ছিল।
ভাস্কো ছাড়ার পর ছুটিতে যাওয়ার পাশাপাশি নিজের ফিটনেস ধরে রাখার কাজ চালিয়ে গেছেন কুতিনিয়ো। বল নিয়ে অনুশীলনের পাশাপাশি শারীরিক সক্ষমতাও ধরে রেখেছেন তিনি। এবার সান্তোসের হয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা কুতিনিয়োকে ঘিরে তাই নেইমারের উচ্ছ্বাসও বেশ স্বাভাবিক।
মতামত দিন