Views Bangladesh Logo

নেইমারের বিরুদ্ধে সতীর্থকে লাঞ্ছনার অভিযোগ, তদন্তে নেমেছে সান্তোস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

অনুশীলনের সময় সতীর্থ এক খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তার ক্লাব সান্তোস।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, গত রোববার (৩ মে) অনুশীলনের সময় সতীর্থ রবিনহো জুনিয়রকে ‘শারীরিকভাবে আঘাত’ করার অভিযোগে এই তদন্ত শুরু করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ক্লাব সূত্রের খবর অনুযায়ী, অনুশীলনের সময় রবিনহো জুনিয়র বল ড্রিবলিং করে নেইমারকে কাটিয়ে চলে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিজ্ঞ ফরোয়ার্ড নেইমার এটিকে তার প্রতি অসম্মান হিসেবে ধরেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছায় যে, নেইমার রবিনহো জুনিয়রকে ল্যাং মেরে মাটিতে ফেলে দেন। এরপর দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে অন্য খেলোয়াড়রা এসে তাদের শান্ত করেন।

এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, ‘এক খেলোয়াড় দ্বারা অন্য খেলোয়াড়কে শারীরিকভাবে আঘাত করা যে অভিযোগ উঠেছে, ক্লাব তা আমলে নিয়েছে। ক্লাবের আইনি বিভাগ বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে।

ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি, রবিনহো জুনিয়র নেইমারের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছেন। তার দাবি—তাকে অপমান করা হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এবং মুখে চড় মারা হয়েছে। এমনকি ক্লাবে ‘ন্যূনতম নিরাপত্তার অভাব’ রয়েছে উল্লেখ করে তিনি চুক্তি বাতিলের বিষয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে।

এ ঘটনার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন নেইমার। তিনি রবিনহো জুনিয়র এবং তার পরিবারের কাছে ফোন কল ও ক্ষুদে বার্তার মাধ্যমে ক্ষমা চেয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, রবিনহো জুনিয়র সাবেক ব্রাজিলিয়ান তারকা রবিনহোর ছেলে। গত মৌসুমে সান্তোসের মূল দলে জায়গা করে নেওয়া এই তরুণ ফুটবলার চলতি মৌসুমে এখন পর্যন্ত আটটি ম্যাচ খেলেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ