৭০ অনুচ্ছেদ সংশোধন করেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংশোধিত সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী থাকায় এবার দেশে প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চার প্রতিফলন ঘটবে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রায় তিন দশক পর সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের নির্বাচনে বিরোধী পক্ষও প্রার্থী দিয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বিরোধী দলেরও প্রার্থী আছে। এভাবেই নির্বাচন হওয়া উচিত।’
তিনি বলেন, দেশের মানুষ এবার একটি প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে সাংবিধানিক প্রক্রিয়া যথাযথভাবেই অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান সংশোধন নিয়ে গঠিত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংশোধিত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধানই অনুসরণ করা হবে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এবার সংসদ সদস্যদের ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
মতামত দিন