Views Bangladesh Logo

প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ প্রকাশের মামলায় পত্রিকার সম্পাদক গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গাজীপুরের গাছা এলাকার বোর্ড বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। পরে শুক্রবার (১৯ জুন) আদালতের মাধ্যমে তাকে বগুড়া কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় মানহানির অভিযোগ এনে এ মামলা করা হয়।

মামলার বাদীর অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিবেদনে প্রতিমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করেছে।

এ ঘটনায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে মামলাটি পরে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর আওতায় রেকর্ড করা হয় এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা ডিবি পুলিশকে।

তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে রেজানুর ইসলামকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ