ডিবিএলসহ পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ
ডিবিএল গ্রুপসহ কয়েকটি পোশাক কারখানা বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে বন্ধ হয়ে গেছে—এমন দাবি করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বিজিএমইএ জানায়, এ ধরনের খবর দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প সম্পর্কে দেশি-বিদেশি অংশীজনদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং শিল্পটির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
সংগঠনটি জানায়, তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের মধ্যেও সরকারের সহযোগিতায় সদস্য কারখানাগুলো উৎপাদন সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে অধিকাংশ কারখানায় ৬০ থেকে ৭০ শতাংশ উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিজিএমইএ আরও জানায়, গ্যাস সংকটের কারণে অনেক কারখানা ৫ আগস্টের সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করছে। পরবর্তীতে শ্রম আইন ও বিদ্যমান বিধি অনুযায়ী কর্মঘণ্টার সমন্বয় করা হবে। এটি শিল্প খাতে গ্যাস সংকট মোকাবিলায় একটি স্বাভাবিক ও নিয়মিত ব্যবস্থা, স্থায়ীভাবে কারখানা বন্ধের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বিজিএমইএর নেতারা বলেন, যথাযথ যাচাই-বাছাই ছাড়া কারখানা বন্ধের মতো সংবেদনশীল সংবাদ প্রকাশ দেশি-বিদেশি ক্রেতা, ব্র্যান্ড ও ব্যবসায়িক অংশীদারদের মধ্যে অযথা উদ্বেগ তৈরি করে। এতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘদিনের সুনাম ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
তাদের মতে, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য পুরো শিল্পখাতের পাশাপাশি এ খাতের ওপর নির্ভরশীল লাখো শ্রমিকের জীবিকাকেও হুমকির মুখে ফেলতে পারে।
বিজিএমইএ বলেছে, দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের স্বার্থে বস্তুনিষ্ঠ ও যাচাইকৃত তথ্য প্রকাশে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
মতামত দিন