কিশোরগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ি আটকে হামলা ও ভাঙচুরের পর নববধূকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসেনপুরের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে নান্দাইলের রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয় রোববার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বর, নববধূ ও স্বজনেরা মাইক্রোবাসে করে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
পথে হাজিপুর বাজার এলাকায় ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তারা গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। এতে বর ও বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কনের পরিবারের অভিযোগ, চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ওই যুবকেরা এ ঘটনা ঘটান। মিয়াদ দীর্ঘদিন ধরে তামান্নাকে উত্ত্যক্ত করতেন বলেও অভিযোগ রয়েছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ঘটনার পর বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন