বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তাঁর গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে।
বঙ্গভবনের দরবার হলে আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। এ উপলক্ষে বঙ্গভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানান, শপথ অনুষ্ঠানে ১ হাজার ২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।
মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো আমন্ত্রণপত্র অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি দরবার হলে প্রবেশ করবেন। শুরুতে জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াতের পর স্পিকার রাষ্ট্রপতির শপথ পরিচালনা করবেন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। তাঁর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৯ সংসদ সদস্যের মধ্যে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতামত দিন