আজ শপথ নেবেন নবনির্বাচিত এমপি ও মন্ত্রিসভার সদস্যরা
ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত ২৯৬ জন সংসদ সদস্য (এমপি) আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করবেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টায় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে প্রথমে এমপিরা শপথ নেবেন এবং পরবর্তীতে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। তাদের মধ্যে রয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে শপথ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং স্বতন্ত্র সদস্যরা।
সরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। তাদের জোটসঙ্গী গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয় পার্টি একটি করে আসন পেয়েছে। গণসংহতি আন্দোলনও প্রতিনিধিত্ব অর্জন করেছে।
অন্যদিকে, ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের মিত্র এনসিপি পেয়েছে ছয়টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং খেলাফত মজলিশ একটি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে। এছাড়া সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। তবে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আইনি জটিলতার কারণে স্থগিত রাখা হয়েছে। আর জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়।
এদিকে, আগামীকাল বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথ পড়ানোর মাধ্যমে কার্যক্রম শুরু করবেন। পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন।
সংসদ সদস্যদের শপথ শেষে বিএনপি সংসদীয় বোর্ড বৈঠকে বসে সংসদীয় দলনেতা নির্বাচন করবে। নির্বাচিত দলনেতা রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর রাষ্ট্রপতি প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে