Views Bangladesh Logo

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অবস্থান ও অর্জনগুলো যথাযথভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে তাঁর বিভিন্ন কর্মসূচি, বাংলাদেশের অগ্রাধিকার এবং অবস্থান যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি সফরের মিডিয়া ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা চান ড. আইরিন জুবাইদা খান। জবাবে তথ্যমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অর্জন ও কার্যক্রম আরও কার্যকরভাবে তুলে ধরার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন দুজন। এসব মোকাবিলায় দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহ, কার্যকর যোগাযোগ কৌশল গ্রহণ এবং ডিজিটাল মাধ্যমে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ