Views Bangladesh Logo

মায়ের নাম একই হওয়ায় বদলে গেল দুই নবজাতক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মায়ের নাম একই হওয়ায় ভুল করে এক পরিবারের নবজাতককে অন্য পরিবারের কাছে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে বিষয়টি ধরা পড়লে হাসপাতাল কর্তৃপক্ষ দুই শিশুকে উদ্ধার করে মঙ্গলবার সকালে নিজ নিজ পরিবারের কাছে বুঝিয়ে দেয়।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। হাসপাতাল থেকে ভুল করে নবজাতক নিয়ে জামালপুরের সরিষাবাড়ীতে চলে যায় একটি পরিবার। পরে রাতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করে শিশুটিকে ফিরিয়ে আনে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরিষাবাড়ীর জগন্নাথবাড়ি এলাকার নাদিরা ও মাসুদ ইসলাম দম্পতির কন্যাসন্তানের জন্ম হয় গত বৃহস্পতিবার। জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে জন্মের পর শারীরিক সমস্যা দেখা দিলে শনিবার শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি করা হয়। চিকিৎসা শেষে সোমবার বিকেলে তাকে ছাড়পত্র দেওয়া হয়।

অন্যদিকে, গৌরীপুর উপজেলার পুম্বাইল গ্রামের আবু রায়হান ও নাদিরা দম্পতির কন্যাসন্তানের জন্মও হয় গত বৃহস্পতিবার। ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্মের পর শারীরিক সমস্যা দেখা দিলে তাকেও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।

সোমবার সন্ধ্যায় গৌরীপুরের পরিবারের সদস্যরা নবজাতক নিতে গেলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা তাদের একটি শিশু হস্তান্তরের চেষ্টা করেন। তবে শিশুটিকে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তারা জানান, এটি তাদের সন্তান নয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ যাচাই করে জানতে পারে, ভুল করে গৌরীপুরের নবজাতককে সরিষাবাড়ীর পরিবারের কাছে দেওয়া হয়েছে। ততক্ষণে ওই পরিবার শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে চলে যায়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ জামালপুরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং রাত তিনটার দিকে নবজাতককে হাসপাতালে ফিরিয়ে আনে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে দুই পরিবারের কাছে তাদের নিজ নিজ সন্তান বুঝিয়ে দেওয়া হয়।

গৌরীপুরের নবজাতকের স্বজন রুহুল আমিন বলেন, শিশুর পায়ে থাকা টোকেনে বাবা-মায়ের নাম ও সিরিয়াল নম্বর লেখা ছিল। মায়ের নাম একই হলেও বাবার নাম আলাদা। এরপরও কীভাবে এমন ভুল হলো, তা জানতে চান তারা।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, দুই নবজাতকের মায়ের নাম একই হওয়ায় ভুলটি হয়েছিল। বিষয়টি ধরা পড়ার পর রাতেই শিশুটিকে ফিরিয়ে আনা হয়। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ