Views Bangladesh Logo

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যে নবজাতকের মৃত্যু

রীয়তপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে এক নবজাতকের মর্মান্তিক মৃত্যুর অভিযোগ উঠেছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে প্রায় ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখায় শিশুটি মারা যায় বলে অভিযোগ করেছে তার পরিবার।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে, শরীয়তপুর সদরের নিউ মেট্রো ক্লিনিকের সামনে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদারের স্ত্রী রুমা বেগমকে প্রসব ব্যথা নিয়ে নিউ মেট্রো ক্লিনিকে ভর্তি করা হয়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম হলেও জন্মের পরপরই শিশুটি তীব্র শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগতে থাকে। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শিশুটির পরিবার কালবিলম্ব না করে পাশের একটি অ্যাম্বুলেন্স ৫ হাজার টাকায় ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দেয়ার প্রস্তুতি নেয়; কিন্তু এ সময় স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের সদস্য সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ানের নেতৃত্বে কয়েকজন গাড়ির পথ আটকায়। তারা দাবি করে, স্থানীয় সিন্ডিকেট ছাড়া অন্য কোনো অ্যাম্বুলেন্স রোগী পরিবহন করতে পারবে না।

কথা কাটাকাটির এক পর্যায়ে তারা ঢাকার অ্যাম্বুলেন্সচালক মোশারফ মিয়াকে লাঞ্ছিত করে গাড়ির চাবি কেড়ে নেয়। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে শিশুটি অক্সিজেন সহায়তায় ছিল। শিশুর নানী শেফালী বেগম বারবার কাকুতি-মিনতি করলেও তারা কোনো কর্ণপাত করেনি। প্রায় ৪০ মিনিটের এই অচলাবস্থার মধ্যেই শিশুটি অক্সিজেন বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।

কান্নাজড়িত কণ্ঠে শেফালী বেগম বলেন, “সময়মতো ঢাকায় নিতে পারলে আমার নাতিটা হয়তো বেঁচে যেত। ওরা আমার নাতির মুখ থেকে অক্সিজেন খুলে দিয়েছে। আমি এর বিচার চাই।”

ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘আমরা বিষয়টি অবগত হয়েছি। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো ভুক্তভোগী পরিবারের কোনো হদিস নাই। তারা কোনো অভিযোগ না দিলে আমরাই ব্যবস্থা নেব। অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসব।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ