যুক্তরাষ্ট্রের বাইরেও ইরানের সঙ্গে খেলতে রাজি নিউজিল্যান্ড
২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল যুক্তরাষ্ট্রের মাটিতে না-ও খেলতে পারে। প্রতিপক্ষ ইরান জাতীয় ফুটবল দলের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটি মেক্সিকো বা কানাডাতে সরিয়ে নেওয়ার গুঞ্জন উঠেছে। তবে খেলার স্বার্থে যুক্তরাষ্ট্রের বাইরে যেকোনো ভেন্যুতে খেলতে প্রস্তুত বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের ফুটবলাররা।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। যদিও বাছাইপর্বে ভালো পারফরম্যান্স দেখিয়ে আগেভাগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছিল ইরান।
বর্তমান সূচি অনুযায়ী, আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা ইরানের। তবে ইরানি ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের মাটিতে কোনো ম্যাচ খেলতে আগ্রহী নয়। ফলে এই ম্যাচের ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা জোরালো হয়েছে।
নিউজিল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার রায়ান থমাস রয়টার্সকে বলেন, ইরান যোগ্য দল হিসেবেই এসেছে। যদি আমাদের মেক্সিকো বা কানাডায় খেলতে হয়, আমরা সেখানেই খেলব—এটা বড় কোনো বিষয় নয়।
একই সুরে দলের উইঙ্গার কোস্তা বারবারুসেস বলেন, ভেন্যু পরিবর্তন হলেও তাদের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে না।
এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম ইতোমধ্যে ইরানের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বকাপ চলাকালে নিউজিল্যান্ড দল সান ডিয়েগো-তে অবস্থান করবে, যা মেক্সিকো সীমান্তের খুব কাছাকাছি—ফলে ভেন্যু পরিবর্তন হলেও যাতায়াতে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয়।
তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ফিফা। সংস্থাটি জানিয়েছে, তারা ইরানি ফুটবল ফেডারেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আপাতত নির্ধারিত সূচি বজায় রাখার চেষ্টা করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে