Views Bangladesh Logo

১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার উদ্যোগ নিউজিল্যান্ডে

 VB  Desk

ভিবি ডেস্ক

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে নিউজিল্যান্ড সরকার। এ বিষয়ে পার্লামেন্টে একটি বিল উত্থাপনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন। প্রস্তাবিত আইনে নিষেধাজ্ঞা না মানলে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানকে তাদের বৈশ্বিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) লুক্সন জানান, তার দল শিগগিরই বিলটি পার্লামেন্টে উত্থাপন করবে। প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যবহারকারীর বয়স ১৬ বছরের কম কি না, তা যাচাই করতে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে ‘যুক্তিসংগত পদক্ষেপ’ নিতে হবে। এ জন্য বিদ্যমান অ্যাকাউন্টের তথ্য, মুখ শনাক্তকরণ প্রযুক্তি কিংবা ডিজিটাল পরিচয়পত্র ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের সুরক্ষা দেওয়া জরুরি। তাঁর ভাষ্য, এসব প্ল্যাটফর্ম শিশুদের ক্ষতিকর কনটেন্ট, আসক্তি তৈরি করতে পারে এমন প্রযুক্তি এবং বিভিন্ন ধরনের সামাজিক চাপের মুখোমুখি করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে শিশুদের পারিবারিক সম্পর্ক, মানসিক সুস্থতা, ঘুম ও পড়াশোনায়।

তবে প্রস্তাবিত বিলটি পার্লামেন্টে পাস হওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বাধার মুখে পড়তে পারে। লুক্সনের নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক নিউজিল্যান্ড ফার্স্ট ইতোমধ্যে বিলটির বিরোধিতা করার কথা জানিয়েছে। দলটির নেতা ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, এ ধরনের আইন দেশকে ভবিষ্যতে কোন পথে নিয়ে যেতে পারে, তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে।

এর আগে গত ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে অস্ট্রেলিয়া। টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুকসহ বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্ম ওই আইনের আওতায় রয়েছে। পিটার্স অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে ‘চরম ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের চেয়ে বাবা-মায়ের ওপরই বেশি থাকা উচিত।

অন্যদিকে লুক্সনও স্বীকার করেছেন, প্রস্তাবিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা সহজ হবে না এবং এটি শতভাগ কার্যকর নাও হতে পারে। তিনি বলেন, কিছু শিশু নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেই। তবে শিশুদের সুরক্ষার বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে সম্ভাব্য সমস্যার কারণে উদ্যোগটি না নেওয়ার কোনো সুযোগ নেই।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ