Views Bangladesh Logo

পাকিস্তানকে বিধ্বস্ত করে ওয়ানডে সিরিজও জিতে নিল নিউজিল্যান্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর ওয়ানডে সিরিজেও সমান দাপট দেখালো নিউজিল্যান্ড। হ্যামিলটনে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।


টস জিতে প্রথমে ব্যাটিং করে কিউইরা ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তান ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায়। প্রথম ম্যাচে ৭৩ রানে জয়ী নিউজিল্যান্ড এদিনও দাপট দেখিয়ে সিরিজ নিজেদের করে নেয়। টম ল্যাথামের নেতৃত্বে দুর্দান্ত ব্যাটিং ও বোলিং পারফরম্যান্সে দুই ম্যাচেই আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা।

ব্যাট হাতে কিউইদের জয়ে বড় অবদান রাখেন ড্যারিল মিচেল। ৭৮ বলে ৭ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৯৯ রান করেন তিনি। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি না পেলেও তার ইনিংস কিউইদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। এছাড়া পাকিস্তানি বংশোদ্ভূত অভিষিক্ত মোহাম্মদ আব্বাস ৬৬ বলে ৪১ রান করেন। ওপেনার নিক হিলি ২৩ বলে ৩১ ও হেনরি নিকোলস ৩২ বলে ২২ রান যোগ করেন। তবে বাকিরা খুব বেশি অবদান রাখতে পারেননি।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ ওয়াসিম ও সুফিয়ান মুকীম দুটি করে উইকেট শিকার করেন। তবে বাজে ফিল্ডিংয়ের কারণে পাকিস্তান অতিরিক্ত ৩২ রান দিয়ে প্রতিপক্ষকে বাড়তি সুবিধা দিয়েছে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই পাকিস্তান ধুঁকতে থাকে। তাদের প্রথম পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। ষষ্ঠ উইকেটে ফাহিম আশরাফ ও তায়্যাব তাহির মিলে মাত্র ৩৩ রানের জুটি গড়েন। ৮ উইকেটে ১১৪ রান করা পাকিস্তান নবম উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে।

ফাহিম আশরাফ ও নাসিম শাহ ৫৬ বলে ৬০ রানের জুটি গড়ে দলের স্কোর কিছুটা এগিয়ে নেন। দুজনই ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ফিফটি করেন। ফাহিম ৮০ বলে ৭৩ রান করেন, ৬ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি তার আউটের সঙ্গে শেষ হয়।

নাসিম শেষ উইকেটে সুফিয়ান মুকীমকে নিয়ে ২২ বলে ৩৪ রান যোগ করেন। তবে ৪৪ বলে ৫১ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হলে পাকিস্তানের ইনিংসও গুটিয়ে যায়। নাসিমের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৪টি চার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ