শিশুদের এআই চ্যাটবট ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে নিউইয়র্কে আইন পাস
শিশু-কিশোরদের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের কথোপকথন নিয়ন্ত্রণে নতুন আইন করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য।
বুধবার (২৮ অক্টোবর) এ আইনে স্বাক্ষর করেছেন অঙ্গরাজ্যটির গভর্নর ক্যাথি হোকুল। নতুন আইনে অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে চ্যাটবটের কথোপকথনে বয়স যাচাইসহ বিভিন্ন নিরাপত্তাবিধি অনুসরণের বাধ্যবাধকতা রাখা হয়েছে।
আইন অনুযায়ী, চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে চ্যাটবটের নির্দিষ্ট কিছু আচরণ ও বৈশিষ্ট্য সীমিত করতে হবে, যাতে তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে বাস্তব মানুষ বা আবেগসম্পন্ন সত্তা হিসেবে ভুল না বোঝে।
নতুন বিধানে বলা হয়েছে, অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে কথোপকথনের সময় চ্যাটবট নিজেকে মানুষ, জীবিত সত্তা কিংবা মানুষের মতো অনুভূতিসম্পন্ন হিসেবে উপস্থাপন করতে পারবে না। একইভাবে ব্যবহারকারীর সঙ্গে ব্যক্তিগত বা পেশাগত সম্পর্ক রয়েছে, এমন ধারণাও তৈরি করা যাবে না। চ্যাটবটের তৈরি বক্তব্যকে ব্যক্তিগত মতামত হিসেবে উপস্থাপনের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।
আইন স্বাক্ষর অনুষ্ঠানে গভর্নর ক্যাথি হোকুল বলেন, শিশু-কিশোরদের সঙ্গে বন্ধু বা প্রেমিক-প্রেমিকার মতো আচরণ করে, এমন চ্যাটবটের ব্যবহার নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের আবেগগত ও শারীরিক স্বাস্থ্যসংক্রান্ত সংবেদনশীল তথ্য সংরক্ষণের বিষয়েও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর উদ্যোগ চলছে। ক্যালিফোর্নিয়াসহ কয়েকটি অঙ্গরাজ্যও এআই চ্যাটবটের ব্যবহার ও পরিচালনা নিয়ে আইন করেছে। তবে নিউইয়র্কের নতুন আইনের বিস্তৃত পরিধি নিয়ে প্রযুক্তি খাতের কিছু প্রতিষ্ঠানের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নিউইয়র্কের প্রযুক্তি খাতের প্রতিনিধিত্বকারী সংগঠন টেক:এনওয়াইসি আইনটির ভাষা অস্পষ্ট বলে সমালোচনা করেছে। সংগঠনটির এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুদের অনলাইনে সুরক্ষিত রাখা জরুরি। তবে সে কারণে তাদের শেখার এবং ভবিষ্যৎ পেশাজীবনের প্রস্তুতিতে সহায়ক প্রযুক্তি থেকে দূরে সরিয়ে রাখা উচিত নয়।
এদিকে, শিশুদের জন্য উপযোগী গণমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট বিষয়ে অভিভাবকদের পরামর্শ দেওয়া অলাভজনক সংস্থা কমন সেন্স মিডিয়া নতুন আইনকে স্বাগত জানিয়েছে। সংস্থাটি আইনটিকে শিশুদের এআই নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী উদ্যোগ হিসেবে বর্ণনা করেছে।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জিম স্টেয়ার এক বিবৃতিতে বলেন, এআই প্রতিষ্ঠানগুলোর তৈরি কিছু চ্যাটবটের বৈশিষ্ট্য শিশু-কিশোরদের জন্য বিপজ্জনক, এমনকি প্রাণঘাতীও হতে পারে। নিউইয়র্কের নতুন আইনের মাধ্যমে এ ধরনের ক্ষতিকর বৈশিষ্ট্য নিষিদ্ধ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
মতামত দিন