বিএনপিপন্থি শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনের পর সিকৃবিতে নতুন ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার সিকৃবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
এর আগে গত ৭ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ। আন্দোলনে বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ‘সাদা দল’ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরাও যুক্ত হন।
আন্দোলনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা পাঁচ শিক্ষকসহ নয়জন শিক্ষক-কর্মকর্তা পদত্যাগ করেন। তারা উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, ক্রয়প্রক্রিয়া ও শিক্ষক নিয়োগে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন। তবে উপাচার্য আলিমুল ইসলাম এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ক্যাম্পাসে আন্দোলন চলছিল।
মতামত দিন