নতুন পোশাক ও লোগো পেতে যাচ্ছে পুলিশ
ছাত্র-জনতার আন্দোলনের পরবর্তী পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সংযুক্ত রেখে নতুন পোশাক ও লোগো পেতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের এআইজি এনামুল হক সাগর বুধবার (১৬ অক্টোবর) সাংবাদিকদের জানিয়েছেন, পুলিশের ইউনিফর্ম ও লোগো ডিজাইন করার জন্য গঠিত কমিটি তাদের কাজ প্রায় শেষ করেছে।
পুলিশ সদর দপ্তর গত ১২ আগস্ট পুলিশের পোশাকের রঙ পরিবর্তন এবং লোগো ডিজাইন করার জন্য ১০ সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি-লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়া।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তাদের কাজ শেষ করতে বলা হয়েছিল, তবে সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানান মুখপাত্র।
১১ আগস্ট সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভার পর এই কমিটি গঠন করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে