Views Bangladesh Logo

২-৩ বছরের মধ্যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন সম্ভব: ববি হাজ্জাজ

দেশের শিক্ষা ব্যবস্থায় সব ধরনের বৈষম্য দূর করতে সমান্তরাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে নতুন শিক্ষাক্রম (কারিকুলাম) বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) নরসিংদী শহরের বাসাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

ববি হাজ্জাজ বলেন, ‘এই শিক্ষাক্রমের মানোন্নয়নে আমরা নতুনভাবে কাজ করছি। আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করতে পারব।’

শিক্ষকদের মূল্যায়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মূল্যায়নের জায়গাটি আরও উন্নত করার চেষ্টা করছি। তাদের প্রশিক্ষণে বিশেষ পরিবর্তন আনা হচ্ছে। আমাদের নতুন নীতিমালা আসছে, যেখানে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হবে না। প্রার্থীদের প্রথমে প্রশিক্ষণ সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরই তারা নিয়োগের যোগ্য বলে বিবেচিত হবেন।’

প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দেশের ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ২০ হাজারের বেশি শিক্ষকের জন্য নীতিমালা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। তিনি বলেন, ‘সংস্কারের কাজগুলো ধাপে ধাপে এগোচ্ছে। এর ফলে শিক্ষার মানোন্নয়ন হবে এবং শিক্ষকদের পূর্ণাঙ্গ নজরদারির (মনিটরিং) আওতায় আনা হবে। আমরা সবকিছুই সুপরিকল্পিতভাবে করছি।’

এর আগে সকালে নরসিংদী শিশু একাডেমিতে ‘বাংলাদেশ ইন ওয়ান ভয়েস’ শীর্ষক একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। অনুষ্ঠানটিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের ঐতিহাসিক ধারাবাহিকতা ও চেতনা তুলে ধরা হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ