Views Bangladesh Logo

তিতাসের নতুন কূপের উদ্বোধন, দৈনিক মিলবে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন এই কূপ থেকে দৈনিক ১১ থেকে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে বলে জানিয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে কূপটির উদ্বোধন করা হয়।

বিজিএফসিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় গ্রিডে সরবরাহ বাড়ানোর লক্ষ্যে ‘তিতাস ও কামতা ফিল্ডে ৫টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ শীর্ষক প্রকল্পের আওতায় তিতাস-২৮ নম্বর কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীনা প্রতিষ্ঠান সিএনপিসি চুয়ানকিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে চুক্তির ভিত্তিতে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর কূপ খনন শুরু হয়। প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে প্রায় ছয় মাসের কাজ শেষে ২০২৬ সালের ১১ জুন ৩ হাজার ৬০১ মিটার গভীর এই কূপের খননকাজ শেষ হয়।

পরবর্তী সময়ে কূপটির কমপ্লিশনসহ ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) ও প্রোডাকশন টেস্টিং সম্পন্ন করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে দৈনিক ১১ থেকে ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা গেছে।

বিজিএফসিএল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তিতাসের নতুন এই কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হলে দেশে চলমান গ্যাস সংকট কিছুটা কমবে। একই সঙ্গে এটি শিল্প ও বিদ্যুৎ খাতের উৎপাদন স্বাভাবিক রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কোম্পানিটি আরও জানায়, সরকারের দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে মোট ১১টি কূপ খননের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কূপ বাস্তবায়িত হলে জাতীয় গ্রিডে প্রতিদিন আরও ২০৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ