দুই মন্ত্রণালয়ে নতুন সচিব
সরকার দুই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে। পাশাপাশি আরও দুই সচিবকে প্রত্যাহার করা হয়েছে এবং একজনের প্রত্যাহার আদেশ স্থগিত করা হয়েছে। এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন রবিবার (২৯ মার্চ) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আশরাফুল ইসলামকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। অন্যদিকে, ওই মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ইসরাত চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন কানিজ মওলা, যিনি আগে সংসদ সচিবালয়ের সচিব ছিলেন। গত ২৫ মার্চ তাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
এদিকে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। একইভাবে, গত ২৫ মার্চ আইএমইডির সচিব সিরাজুন নূর চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করার যে আদেশ দেওয়া হয়েছিল, তা আজ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়াকে সম্প্রতি পদোন্নতি দিয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব করা হলেও, নতুন প্রজ্ঞাপনে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে