Views Bangladesh Logo

শেয়ারবাজারে মার্জিন ঋণে নতুন নিয়ম, সংশোধিত বিধিমালার গেজেট প্রকাশ

শেয়ারবাজারে মার্জিন ঋণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিনিয়োগকারীদের ঋণ সুবিধা, মার্জিনযোগ্য শেয়ার, ঋণদাতা প্রতিষ্ঠানের ঝুঁকি এবং শেয়ার বিক্রির ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এর সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের পর থেকেই সংশোধিত বিধিমালাটি কার্যকর হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সংশোধিত বিধিমালাটি সোমবার রাতে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। নতুন নিয়মে তালিকাভুক্ত শেয়ারে মার্জিন ঋণের অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:১। অর্থাৎ কোনো বিনিয়োগকারী নিজের হিসাবে যত টাকা ইকুইটি রাখবেন, সর্বোচ্চ সমপরিমাণ মার্জিন ঋণ নিতে পারবেন।

নতুন বিধান অনুযায়ী, জীবনবিমা ছাড়া অন্য কোম্পানির শেয়ারের ট্রেইলিং পিই ৪০-এর বেশি হলে ওই শেয়ারে মার্জিন অর্থায়ন করা যাবে না। একইভাবে কোনো কোম্পানির ইপিএস ঋণাত্মক হলে সেই শেয়ারও মার্জিন সুবিধার জন্য অযোগ্য হবে। জীবনবিমা কোম্পানির ক্ষেত্রে পিইর পরিবর্তে পিবি অনুপাত বিবেচনা করা হবে। কোনো কোম্পানির পিবি ৩-এর বেশি হলে অথবা শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ঋণাত্মক হলে ওই শেয়ারে মার্জিন ঋণ দেওয়া যাবে না।

মার্জিন সুবিধা পাওয়ার ক্ষেত্রেও বিনিয়োগকারীদের জন্য ন্যূনতম বিনিয়োগের শর্ত রাখা হয়েছে। কোনো গ্রাহকের হিসাবে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজে কমপক্ষে ৩ লাখ টাকার বিনিয়োগ না থাকলে তাকে মার্জিন অর্থায়ন করা যাবে না। আবার মার্জিনের আওতাভুক্ত নয় এমন কোনো সিকিউরিটি নিজস্ব অর্থের পরিবর্তে মার্জিন ঋণে কেনা হলে সেই সিকিউরিটির মূল্য গ্রাহকের ইকুইটি হিসেবে বিবেচিত হবে না।

নতুন বিধিমালায় মার্জিন কল ও শেয়ার বিক্রির ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। কোনো বিনিয়োগকারীর পোর্টফোলিওর ইকুইটি ৫০ শতাংশের নিচে নেমে গেলে ঋণদাতা প্রতিষ্ঠানকে তাকে মার্জিন কল বা আগাম সতর্কবার্তা দিতে হবে। এরপর ইকুইটি ২৫ শতাংশের নিচে নেমে গেলে প্রতিষ্ঠানটি আগাম নোটিশ ছাড়াই সংশ্লিষ্ট শেয়ার বিক্রি করতে পারবে। তবে এ বিষয়ে গ্রাহককে লিখিতভাবে, ই-মেইল, নিবন্ধিত মোবাইল নম্বরে বার্তা অথবা প্রয়োজনে ফোনের মাধ্যমে জানাতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ