Views Bangladesh Logo

সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প-ব্যান্ডরোলে নতুন বিধান

উৎপাদিত ও আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের পদ্ধতিতে নতুন বিধান যুক্ত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ জন্য ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ অধিকতর সংশোধন করা হয়েছে।

এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরদিন ১৬ সেপ্টেম্বর এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। সংশোধিত বিধান অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ১৩৫ এবং ধারা ৫৮-এর সঙ্গে পাঠ করে প্রদত্ত ক্ষমতাবলে বিধিমালার বিধি ৫-এর উপবিধি (৪) পরিবর্তন করে নতুন উপবিধি প্রতিস্থাপন করা হয়েছে।

সংশোধিত বিধান অনুযায়ী, সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, প্যাকেটে থাকা শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং নির্ধারিত নকশার ভিত্তিতে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।

নতুন বিধান অনুযায়ী, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৬৫ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ নকশার ব্যান্ডরোল ব্যবহার করতে হবে। একই মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে ব্যবহার করতে হবে হালকা খয়েরি নকশার স্ট্যাম্প।

প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ৯২ টাকা বা তার বেশি হলে ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি নকশার ব্যান্ডরোল ব্যবহারের বিধান করা হয়েছে। এ মূল্যসীমায় ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে ব্যবহার করতে হবে হালকা সবুজ নকশার স্ট্যাম্প।

এ ছাড়া প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ১৬০ টাকা বা তার বেশি হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা নীল নকশার স্ট্যাম্প ব্যবহার করতে হবে।

অন্যদিকে, প্রতি ১০ শলাকার সর্বোচ্চ খুচরা মূল্য ২১০ টাকা বা তার বেশি হলে ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা মেরুন নকশার স্ট্যাম্প ব্যবহারের বিধান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিধি ৪ ও সংশোধিত বিধি ৫-এর উদ্দেশ্য পূরণে সংশ্লিষ্ট সিগারেটের প্যাকেটের সর্বোচ্চ খুচরা মূল্য, শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন ও নির্ধারিত নকশা অনুযায়ী, বিধি ৬-এর বিধান সাপেক্ষে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশক্রমে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন। নতুন বিধানটি প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ