দলীয় ফোরামে আলোচনার মাধ্যমেই ঠিক হবে নতুন রাষ্ট্রপতি: মির্জা ফখরুল
দলের নীতিনির্ধারণী ফোরামে আলোচনার মাধ্যমেই নতুন রাষ্ট্রপতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘এ বিষয়ে বিএনপি সভা করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে। আমাদের তো কোনো মিটিংই হয়নি এখনো। বৈঠকের পরে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।’
এ সময় নিজের নাম নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেন, ‘দলীয় ফোরামের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।’
রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশে রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না, অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ধরনের সাফল্য গণমাধ্যমে আরও বেশি তুলে ধরার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কৃষকের সবচেয়ে বড় সমস্যা উৎপাদন নয়, বরং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা। কোল্ড স্টোরেজ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গবেষণা বাড়ানোর পাশাপাশি এ খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক উদ্যোগ, সংরক্ষণ ও বিপণন ব্যবস্থায় যুক্ত হলে কর্মসংস্থান যেমন বাড়বে, তেমনি কৃষকরাও লাভবান হবেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত দিন