Views Bangladesh Logo

আজ সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শুক্রবার (২১ আগস্ট) শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির সাবেক এই মহাসচিব।

চীফ হুইপ নূরুল ইসলাম মনি গণমাধ্যমকে জানান, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য বঙ্গভবনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব ও দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হন তিনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেন। ভোট গণনা শেষে মির্জা ফখরুল ২৫৫ ভোট এবং অলি আহমদ ৮৮ ভোট পান। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়ায় ১৬৭। নির্বাচন কমিশনের ভোটার তালিকায় মোট ৩৪৯ জন সংসদ সদস্যের নাম ছিল। এর মধ্যে ৩৪৩ জন ভোট দিয়েছেন। বিভিন্ন কারণে বাকি ছয়জন ভোট দিতে পারেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা এ এম এম নাসির উদ্দিন।

ভোটের ফল ঘোষণার পর মির্জা ফখরুলকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী নির্বাচনী কর্তার ঘোষণা অনুসারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ