নতুন পোশাক অনুমোদন, জেলা পুলিশে গাঢ় নীল আর মহানগরে হালকা অলিভ
বাংলাদেশ পুলিশের পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধিত নিয়ম অনুযায়ী জেলা পুলিশসহ অধিকাংশ ইউনিটের সদস্যরা এখন থেকে গাঢ় নীল রঙের শার্ট ও খাকি রঙের প্যান্ট পরবেন। অন্যদিকে মহানগর পুলিশের (মেট্রোপলিটন পুলিশ) জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা অলিভ।
বৃহস্পতিবার (১৮ জুন) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। পুলিশ অ্যাক্ট, ১৮৬১-এর ১২ ধারার ক্ষমতাবলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) সরকারের অনুমোদনক্রমে ‘পুলিশ ড্রেস রুলস ২০২৫’ সংশোধন করে এই পরিবর্তন আনেন। গেজেটে স্বাক্ষর করেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
সংশোধিত নিয়ম অনুযায়ী, আগের আয়রন রঙের শার্টের পরিবর্তে এখন গাঢ় নীল শার্ট ব্যবহার করা হবে। একইভাবে কফি রঙের প্যান্টের পরিবর্তে খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে।
এছাড়া জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও গাঢ় নীল রাখা হয়েছে। তবে মহানগর পুলিশের ক্ষেত্রে এসব পোশাকের জন্য হালকা অলিভ রং নির্ধারণ করা হয়েছে।
সংশোধিত বিধিমালায় নারী পুলিশ সদস্যদের পোশাকেও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে তারা গাঢ় নীল শাড়ি ও গাঢ় নীল ব্লাউজ পরতে পারবেন। মহানগর পুলিশের নারী সদস্যদের জন্য গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা অলিভ ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা অথবা যারা মাথা ঢেকে কাজ করতে চান, তারা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরতে পারবেন বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নতুন এই পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনীর মধ্যে ইউনিফর্মের মানসম্মততা, পরিচিতি ও পেশাদারিত্ব আরও সুসংহত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
মতামত দিন