Views Bangladesh Logo

দুর্নীতি কমাতে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হচ্ছে: অর্থমন্ত্রী

দুর্নীতি কমানোর লক্ষ্যেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, মানুষ যখন অভাবের মধ্যে থাকে, তখন দুর্নীতির দিকে ঝুঁকে পড়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলে তাদের প্রয়োজন মিটবে এবং দুর্নীতি কমে আসবে।

তিনি বলেন, গত ১১ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কোনো বেতন বৃদ্ধি পাননি। অথচ এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ প্রায় সব কিছুর দাম বেড়েছে। ফলে বর্তমান বাস্তবতার সঙ্গে বেতনের একটি ভারসাম্য তৈরি করা প্রয়োজন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা হতে পারে না যে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা কষ্টে থাকবেন। তাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই বেতন কাঠামোও সময়োপযোগী করা জরুরি।

নতুন পে-স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আয় ও জীবনমান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করছি তাদের প্রয়োজন মিটবে, আয় বাড়বে এবং জীবনযাত্রার মান উন্নত হবে। এর ফলে স্বাভাবিকভাবেই দুর্নীতির প্রবণতা কমে আসবে।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি চলতি বাজেট-পরবর্তী আলোচনায় অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ