যে কোনো মুহূর্তে নতুন পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা পে-স্কেল যে কোনো মুহূর্তে ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি বলেন, সরকার প্রতিশ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্তে অটল এবং বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্য সচিব বলেন, দীর্ঘ ১১–১২ বছর নতুন বেতন কাঠামো না হওয়ায় প্রায় ১৮ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যহীন হয়ে পড়েছে। তাই পাঁচ থেকে ছয় বছর পরপর পে-স্কেল দেওয়ার যে ধারাবাহিকতা, তা পুনরায় চালু করা প্রয়োজন।
তবে তিনি স্বীকার করেন, নতুন পে-স্কেল কার্যকর হলে মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। তিনি বলেন, ‘এটা হয়তো জনগণের জন্য একটু কষ্টকর হবে। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদেরও মূল্যস্ফীতির সঙ্গে জীবনযাত্রার সমন্বয় দরকার।’
নবম জাতীয় বেতন কমিশন সরকারি চাকরিজীবীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার সুপারিশ করেছে। প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে।
কমিশনের হিসাব অনুযায়ী, এই সুপারিশ বাস্তবায়নে প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় প্রয়োজন হবে। বর্তমানে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা।
অর্থনীতি প্রসঙ্গে মুখ্য সচিব বলেন, সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অর্থনীতি ও ব্যাংক খাত। একই সঙ্গে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন শৃঙ্খলে যে চাপ তৈরি হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
মতামত দিন