চলতি অর্থবছরেই নতুন পে-স্কেল, অপেক্ষা শুধু মন্ত্রিসভার অনুমোদনের
দীর্ঘ ১১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি অর্থবছর থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত রূপরেখা প্রস্তুত করা হয়েছে। এখন অপেক্ষা শুধু মন্ত্রিসভার অনুমোদনের।
রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল দেওয়ার কথা থাকলেও গত ১১ বছরে কোনো নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হয়নি। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বঞ্চনার অনুভূতি তৈরি হয়েছে।
মুখ্য সচিব জানান, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে চলতি অর্থবছর থেকেই নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই চূড়ান্ত অনুমোদনের জন্য এটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। অনুমোদনের পর যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হতে পারে বলেও স্বীকার করেন আব্দুস সাত্তার। তিনি বলেন, এই চাপ সামাল দিতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এর মাধ্যমে সামগ্রিক অর্থনৈতিক সংকট মোকাবিলা করার ওপর গুরুত্ব দেন তিনি।
মতামত দিন