Views Bangladesh Logo

১ জুলাই থেকে নতুন পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে সুখবর

আগামী ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর আসছে। ১ জুলাই থেকেই ধাপে ধাপে কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন কাঠামো। নতুন এই পে-স্কেল পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর বাইরে অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা পেনশনারদের জন্য প্রয়োজন হবে আরও প্রায় ২৫ হাজার কোটি টাকা। সরকারের উচ্চপর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী আগামী অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। ফলে জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাওয়ার ক্ষেত্রে আর কোনো সংশয় নেই।

তিনি আরও জানান, নতুন কাঠামোটি মূলত তিন অর্থবছরে ধাপে ধাপে পুরোপুরি বাস্তবায়ন করা হতে পারে। এর ফলে দেশের মূল্যস্ফীতির ওপর চাপ যেমন কম হবে, তেমনি সরকারের পক্ষে অর্থায়ন করাও সহজ হবে।

কর্মকর্তাদের খসড়া পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাওয়া প্রথম ধাপে নতুন কাঠামোর বর্ধিত মূল বেতনের অর্ধেক বা ৫০ শতাংশ দেওয়া হতে পারে। এই বাড়তি খরচ সামাল দিতেই আগামী বাজেটে ৩০ হাজার কোটি টাকার বেশি অতিরিক্ত বরাদ্দ রাখা হচ্ছে। পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ মূল বেতন কার্যকর করা হবে এবং এর পরের অর্থবছরে (২০২৮-২৯) মূল বেতনের সঙ্গে অন্যান্য সব ধরনের ভাতা যোগ করা হবে।

প্রসঙ্গত, বর্তমানে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা বাবদ বাজেটে ৮৫ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। আসন্ন বাজেটের খসড়া বক্তৃতায় অর্থমন্ত্রী ধাপে ধাপে এই পে-স্কেল দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন।

এর আগে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত জাতীয় বেতন কমিশন গত ২২ জানুয়ারি একটি সুপারিশমালা জমা দেয়। সেখানে গ্রেড ভেদে সরকারি চাকরিজীবীদের মূল বেতন শতভাগ থেকে শুরু করে সর্বোচ্চ ১৪৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়।

কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন বা ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে চিকিৎসা ও সামাজিক ভাতাসহ পেনশনারদের আর্থিক সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে আলোর মুখ দেখবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ