এক চার্জে চলবে ৪০ দিন, রিভার্স চার্জিংসহ নোকিয়ার নতুন ফোন
ফিচার ফোনের বাজারে ব্যতিক্রমী সুবিধা নিয়ে হাজির হয়েছে এইচএমডি। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে নোকিয়া ৩০০ চার্জ, যার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ফোনটির ব্যাটারি ব্যবহার করে অন্য সামঞ্জস্যপূর্ণ ডিভাইসেও চার্জ দেওয়া যাবে। এ জন্য ফোনটির পাশে রয়েছে আলাদা ‘আউট’ বাটন এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। বর্তমানে ফিলিপাইনের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩৭০০ এমএএইচের অপসারণযোগ্য ব্যাটারি, যা এইচএমডির দাবি অনুযায়ী তাদের নকিয়া ব্র্যান্ডের ফিচার ফোনগুলোর মধ্যে সবচেয়ে বড়। একবার পূর্ণ চার্জে সর্বোচ্চ প্রায় ৩৭ ঘণ্টা কথা বলা যাবে। আর স্ট্যান্ডবাই মোডে ফোনটি ৪০ দিনের বেশি চালু থাকার সক্ষমতা রাখে। অন্য ডিভাইস চার্জ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১০ ওয়াট পর্যন্ত রিভার্স চার্জিং সুবিধা পাওয়া যাবে।
নোকিয়া ৩০০ চার্জ-এর দৈর্ঘ্য ১৩৬ দশমিক ৫৫ মিলিমিটার, প্রস্থ ৫৫ মিলিমিটার এবং পুরুত্ব ১৪ দশমিক ৯৪ মিলিমিটার। ওজন ১৩৮ গ্রাম। এতে রয়েছে ২ দশমিক ৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে এবং পেছনে কিউভিজিএ ক্যামেরা। ফোনটি পরিচালিত হবে এস৩০ প্লাস সফটওয়্যারে। প্রসেসর হিসেবে থাকছে ইউনিসক এসসি৬৫৩১ই। র্যাম ৪ এমবি এবং অভ্যন্তরীণ স্টোরেজও ৪ এমবি। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
কানেক্টিভিটির দিক থেকে এটি মূলত সাধারণ ফিচার ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই তৈরি। ফোনটি জিএসএম ৯০০ ও ১৮০০ ব্যান্ডের ২জি নেটওয়ার্ক সমর্থন করে। এর সঙ্গে রয়েছে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক। ইউএসবি টাইপ-সি পোর্টটি ফোনের নিজস্ব ব্যাটারি চার্জ করার পাশাপাশি অন্য ডিভাইসকে শক্তি দেওয়ার কাজেও ব্যবহার করা যাবে।
আরেকটি উল্লেখযোগ্য সুবিধা হলো এর উচ্চক্ষমতার টর্চ। এইচএমডির তথ্য অনুযায়ী, ফোনটির টর্চ নোকিয়া ১০৫-এর টর্চের তুলনায় চার গুণ পর্যন্ত উজ্জ্বল হতে পারে। ফলে বিদ্যুৎ চলে গেলে, রাতে বাইরে চলাচল কিংবা জরুরি প্রয়োজনে এটি আলাদা টর্চের বিকল্প হিসেবেও কাজে লাগতে পারে।
বর্তমানে ফিলিপাইনের বাজারে নোকিয়া ৩০০ চার্জ-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ১৯০ ফিলিপাইন পেসো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ হাজার ৪০০ রুপির সমান। কালো, সবুজ ও স্যান্ডস্টোন রঙে ফোনটি পাওয়া যাচ্ছে। এইচএমডির বৈশ্বিক ওয়েবসাইটে মডেলটি তালিকাভুক্ত হলেও অন্যান্য বাজারে কবে পাওয়া যাবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট ঘোষণা নেই।
মতামত দিন