ঢাকা-কক্সবাজার রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে: রেলপথ প্রতিমন্ত্রী
যাত্রী চাহিদা মেটাতে এবং সেবার মান উন্নত করতে চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে তিনি জানান, দেশের অন্যতম আধুনিক কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পূর্ণাঙ্গ পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শনকালে এসব তথ্য জানান রেলপথ প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল প্রতিমন্ত্রী বলেন, ‘পর্যটননগরী কক্সবাজারে প্রতিনিয়ত যাত্রী ও পর্যটকের সংখ্যা বাড়ছে। সেই চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার রেল যোগাযোগ সম্প্রসারণ এবং যাত্রীসেবা আরও আধুনিক করার উদ্যোগ নিয়েছে। নতুন ট্রেন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে, টিকিটের চাপও অনেকটা হ্রাস পাবে। পাশাপাশি ঢাকা-কক্সবাজার রুটে ভ্রমণ আরও সহজ, আরামদায়ক ও সময়োপযোগী হবে।’
আইকনিক স্টেশনটির ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবস্থাপনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, স্টেশনটিকে শুধু সাধারণ একটি রেলস্টেশন হিসেবে নয়, বরং আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। আর এ লক্ষ্য বাস্তবায়নেই স্টেশনটির পূর্ণাঙ্গ পরিচালনায় বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করার প্রক্রিয়া চলছে।
পরিদর্শনকালে আইকনিক স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীসেবার সার্বিক অবস্থা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তাব্যবস্থা ও চলমান বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। পরে তিনি রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং দ্রুততম সময়ে স্টেশনটি পূর্ণাঙ্গ রূপ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।
এ সময় তাঁর সঙ্গে কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, রেলওয়ের শীর্ষ কর্মকর্তারা এবং কক্সবাজার আইকনিক রেলস্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
মতামত দিন