Views Bangladesh Logo

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকলেই ব্যাংক হিসাব খোলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ‘এ৩’ ভিসাসহ অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি বিধি যথাযথভাবে পরিপালনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের উদ্দেশে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে কর্মরত কোনো বিদেশি নাগরিকের ব্যাংক হিসাব খোলার আগে তাঁর ওয়ার্ক পারমিট বৈধ ও হালনাগাদ কি না, তা নিশ্চিত করতে হবে। বৈধ ওয়ার্ক পারমিট থাকলে প্রচলিত কেওয়াইসি বিধি অনুসরণ করে হিসাব খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত ২৯ এপ্রিল জারি করা এক পরিপত্রে বাংলাদেশে ‘এ৩’ ভিসা ক্যাটাগরিতে কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকের মাধ্যমে গ্রহণের বিষয়টি স্পষ্ট করেছে। এ ধরনের বিদেশি নাগরিকদের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে ওয়ার্ক পারমিট নিতে হয় এবং নির্ধারিত মেয়াদ শেষ হলে তা নবায়ন করতে হয়।

ওয়ার্ক পারমিটে অনেক ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের শর্তও উল্লেখ থাকে। এ কারণে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কোনো বিদেশি নাগরিককে ব্যাংক হিসাব খোলার সুযোগ না দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে নির্দেশনাটি শুধু ‘এ৩’ ভিসাধারীদের জন্য নয়। বাংলাদেশে অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদেরও ব্যাংকের মাধ্যমে বেতন-ভাতা গ্রহণের প্রয়োজন হয়। তাই এসব ভিসার আওতায় কর্মরত বিদেশিদের ক্ষেত্রেও হালনাগাদ ওয়ার্ক পারমিট যাচাই করে ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা নিতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ